মুলাদীতে জমি সংক্রান্ত বিরোধে যুবককে পিটিয়ে আহত

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। থানায় অভিযোগ ও আহত সুত্রে জানা গেছে, মুলাদী পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত ইমতাজুর রহমানের পুত্র মোঃ তানভীর হোসেন গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় উত্তর-পূর্ব চরডিগ্রী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকানে গেলে প্রতিপক্ষের মৃত আলী আহম্মদ হাওলাদারের পুত্র জাহাঙ্গীর আলম, দিদার হাওলাদার, আসাদ হাওলাদার ও মৃত আলী হোসেন হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার তার উপর চড়াও হয়ে তাকে এলোপাথারী কিল-ঘুসি ও লাথি মেরে আহত করে। আহত তানভীর হোসেনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় আহত তানভীর হোসেনের মাতা স্কুল শিক্ষিকা রেহেনা পারভীন মুলাদী থানা একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত তানভীর হোসেন এর মাতা রেহেনা পারভীন জানান, দীর্ঘদিন থেকে জাহাঙ্গীর আলম ও তার লোকজন আমাদের ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়তারা চালিয়ে আসছে। এমনকি জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলাকালীন সময়ও তারা বিভিন্নভাবে সেই জমিতে জোরপুর্বক ঘরনির্মানের পায়তারা চালাচ্ছে।

তিনি আরও বলেন, তার পুত্র তানভীর হোসেনকে মরা-ধরের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে জাহাঙ্গীর আলম বিরোধীয় সম্পত্তির চারটি ছোট ছোট মেহেগনি গাছ কাটিয়ে তাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুলছে। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে এমনটিই প্রত্যাশা স্কুল শিক্ষিকা রেহেনা পারভীনের।