মুলাদীর চরকালেখান অবৈধভাবে খাল দখল, বিপাকে হাজারো কৃষক

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদীতে অবৈধভাবে প্রভাবশালীরা সরকারি খাল দখল করায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার ফলে হাজার হাজার কৃষকের শত শত হেক্টর জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে সাধারণ গরিব কৃষক প্রতিবছর মোটা অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের নয়াকান্দি বেপারী বাড়ীর সামনে হইতে দুলাল আকনের বাড়ীর পার্শ্ব হয়ে চরকালেখান কলেজ রোডের দক্ষিন পার্শ্ব দিয়ে একটি খার দীর্ঘদিন যাবত প্রবাহমান ছিল, যার কিছু অংশ এখনও পরিলক্ষিত হয়। খালটি চরকালেখান বাদশা কান্দি হয়ে দক্ষিন ও উত্তর দিকে কৃষি জমির পানি নিষ্কাশনের আরও একটি খালের সাথে মিলিত হয় এবং সেই পয়েন্টে শত বছর পুরনো একটি কালভার্টও দৃশ্যমান রয়েছে। যার এ পার্শ্ব বন্ধ করিয়া বাবু চৌকিদার নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি পুকুর ও রাস্থা তৈরি করে ভোগদখল করে আসছে। একই ভাবে স্থানীয় আঃ মান্নান আকন খালের উপর বাধ সৃষ্টি করে তার নিজ বাড়ীর চলাচলের রাস্থা তৈরি করে যাহার উভয় পার্শ্বে খালটি এখনও দৃশ্যমান আছে।

দেখা গেছে, চরকালেখান আদর্শ কলেজের প্রফেসর মাওলানা আঃ আজিজ এবং নান্টু আকন একই ভাবে তাদের ব্যক্তিগত সুবিধার্থে খালটির উপরে বাধ সৃষ্টি করে। শত বছর পুরনো এই খালের মাধ্যমে এ অঞ্চলের হাজার হাজার কৃষক তাদের কৃষিকাজে পানি সরবারহ করে চাহিদা পূরণ করে চলছিলো, কিন্তু বিগত কয়েক বছর থেকে প্রভাবশালী এই মহলটির খামখেয়ালী পনায় বিভিন্ন ভাবে খাল দখল করে অপরিকল্পিত ভাবে রাস্থা তৈরি করার ফলে বিলের পানি নিষ্কাশন না হওয়ায় জমির ফসল নষ্ট হচ্ছে এবং পানি জমে থাকায় নতুন ফসল উৎপাদন ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। ভুক্তভোগী কৃষকরা তাদের কৃষিজমি রক্ষার্থে মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য, মুলাদী উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইসচেয়ারম্যান, মুলাদী উপজেলা নিবাহী কমকর্তা ও সহকারী কমিশনার ভূমি সহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন।

এব্যাপারে সহকারী কমিশনার ভূমি রিয়াজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে আমার কথা হয়েছে, অবৈধ খাল দখলকারীদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।