মুসলিম তরুণীকে বিয়ের ঘটনায় হত্যা নিয়ে যা বললেন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের তেলেঙ্গানার সরুরনগরে ভিন্ন ধর্মের তরুণীকে বিয়ে করার অপরাধে নাগারাজু (২৫) এক যুবকের হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। শনিবার (০৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (০৬ মে) হায়দ্রাবাদের সংসদ সদস্য ওয়াইসি এক বক্তব্যে ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, সরুরনগরে সংঘটিত ওই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। মেয়েটি স্বেচ্ছায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তার স্বামীকে খুন করার কোনো অধিকার তার ভাইদের ছিল না। সংবিধান অনুযায়ী এই ঘটনা একটি অপরাধমূলক কাজ এবং ইসলামের দৃষ্টিতেও সবচেয়ে জঘন্য অপরাধ।

প্রসঙ্গত, ভালোবেসে তফশিলি জাতির অন্তর্ভুক্ত মালা গোষ্ঠীর দলিত যুবক বিল্লিপুরম নাগারাজুকে বিয়ে করেছিলেন মুসলিম তরুণী আসরিন সুলতানা। সুলতানার পরিবার এই বিয়ে মেনে নিতে পারেনি।

বুধবার নাগারাজুকে প্রকাশ্য রাস্তায় সুলতানার ভাই সৈয়দ মোবিন এবং মাসুদ আহমেদসহ পাঁচজন মারধর করেন। সুলতানাকে ঠেলে রাস্তায় ফেলে দেওয়া হয়। হেলমেট থাকার পরও নাগারাজুর মাথায় গুরুতর আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈয়দ মোবিন এবং মাসুদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।