মৃত্যুর আগে ফেসবুকে যা লিখে গেল কলেজ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহের মুক্তাগাছায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিদ্দিকুর রহমান রিজন (২৮) নামে আনন্দ মোহন কলেজে অনার্সপড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রিজন মানকোন ইউনিয়নের আধাপাখিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানিয়েছেন, নিহত রিজন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কথাবার্তা খুবই কম বলতেন। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে একপর্যায়ে পরিবারের লোকজন রিজনের ঘরের জানালা দিয়ে ফ‍্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে সিদ্দিকুর রহমান রিজন শুক্রবার সকালে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো- হয়তো বা তোমার ব্যর্থতার মাঝে, লুকিয়ে আছে সাফল‍্যের বীজ। শোককে শক্তিতে রূপান্তরিত করো, একদিন তুমি পারবে জয় করতে। আজ যারা তোমাকে নিয়ে নিন্দা করছে, দেখবে তারাই তোমার সাফল্য দেখে কাল হাত তালি দিবে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, পরিবার সূত্রে জানতে পেরেছি রিজন মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।