মৃত্যুর পর লাশের পেট কেটে ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক।।
এক হাজার পিস ইয়াবাসহ গত ১৬ আগস্ট পুলিশের হাতে গ্রেপ্তার হন সিদ্দিক আহমেদ (৬২)। পরদিন আদালতে হাজির করার সময় তার পেট ব্যথা শুরু হয়। দ্রুত নেওয়া হয় রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফের আদালতে পাঠানো হয়। কিন্তু ব্যথা না কমায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে মেডিসিন ওয়ার্ডে পাঠান। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।

চিকিৎসার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত পেট ব্যথার আসল কারণ আড়াল করেন সিদ্দিক আহমেদ। বিষয়টি ধরা পড়ে ময়নাতদন্ত করতে গিয়ে। চিকিৎসক দেখতে পান, তার পেটে কালো পলিথিনে প্যাঁচানো একটি প্যাকেট। সেখানে মেলে ৩৫ পিস ইয়াবা।

সংশ্লিষ্ট চিকিৎসক জানান, ওই প্যাকেটের কারণে সিদ্দিক আহমেদের পেটে ব্যথা হয়। অথচ শুরু থেকে তিনি বিষয়টি এড়িয়ে যান। শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করতে হয় তাকে।

মতিঝিল গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রমনা থানার ইস্কাটন গার্ডেন সরকারি অফিসার্স কোয়ার্টারের ৫ নম্বর গেটের সামনে অভিযান চালায় তাদের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক করা হয় সিদ্দিক আহমেদকে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই দিনই উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন বাদী হয়ে রমনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৯।

আদালতে নিয়ে যাওয়ার সময় সিদ্দিক আহমেদ জানান, তার পেট ব্যথা করছে। পরে তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে আবারও তাকে আদালতে নেওয়া হয়। আদালতে গিয়ে তিনি আবারও পেটে ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আদালত থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসক তাকে মেডিসিন বিভাগে ভর্তির জন্য পাঠান। জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে নিয়ে যাওয়ার সময় মারা যান সিদ্দিক আহমেদ।

নাম প্রকাশে অনিচ্ছুক মতিঝিল গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, সিদ্দিক আহমেদের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-১০৪) দায়ের করা হয়েছে। এরপর ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহফুজের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। ময়নাতদন্তের সময় তার পেটের ভেতর স্কচটেপ দিয়ে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খোলার পর দেখা যায় সেখানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট আছে।