মেহেন্দিগঞ্জে আরসি কলেজে ঢুকে অফিস সহকারীকে মারধর

রূপালী ডেস্ক।।
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর শহরে রসিক চন্দ্র (আরসি) কলেজের কার্যালয়ে ঢুকে অফিস সহকারীকে মারধরের ঘটনা ঘটেছে। পরে অফিস সহকারী বিকাশ দেবনাথ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা সেখানেও গিয়ে হাজির হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই ঘটনা ঘটে। হামলার শিকার বিকাশ দেবনাথ স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের আত্মীয়।

বিকাশ জানান, দুপুর ১২টার দিকে জিন্নাহ খানের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। তারা সবাই এলাকায় পঙ্কজবিরোধী হিসেবে পরিচিত।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের এমপি পঙ্কজ নাথ আসন্ন সংসদ নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি। স্থানীয়রা জানান, পঙ্কজ নাথ মনোনয়নবঞ্চিত হওয়ার পর থেকে দুই উপজেলায় তাঁর অনুসারীদের ওপর হামলা ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। এ আসনে এবার নৌকা পেয়েছেন ড. শাম্মি আহমেদ।

বিকাশ জানান, তিনি কলেজের অফিসে বসে ছিলেন। দুপুরে জিন্নাহর নেতৃত্বে ১০-১২ জন এসে প্রথমে তাঁকে গালাগালি ও একপর্যায়ে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। পরে কলেজের শিক্ষকরা এসে তাঁকে উদ্ধার করেন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা সেখানে গিয়েও হাজির হয়। পরে দ্রুত তিনি বাড়িতে চলে যান। বিকাশ অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর টেবিলের ড্রয়ার থেকে ৫৫ হাজার টাকা নিয়ে গেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, কলেজ জাতীয়করণ-সংক্রান্ত কাজে এক সপ্তাহের বেশি তিনি ঢাকায়। গতকাল অফিস সহকারী বিকাশের ওপর হামলা হয়েছে। এর আগে একদল যুবক কলেজে ঢুকে তাঁকেও খোঁজাখুজি করে। বিষয়টি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জিন্নাহ খান বলেন, ‘কলেজের গেটে একদল যুবকের সঙ্গে বিকাশ দেবনাথের কথা কাটাকাটি হয়েছে। ওই যুবকরা তখন বিকাশের শার্টের কলার ধরেন। অন্য শিক্ষকরা এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি শুধু জেনেছি মাত্র।’ জিন্নাহ নিজেকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী বলে পরিচয় দেন।

মেহেন্দিগঞ্জের ইউএনও কাজী আনিসুল ইসলাম জানান, অফিস সহকারীকে মারধরের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন।