মেহেন্দিগঞ্জে মাছ ধরা জালে উঠলো শিশুর লাশ

রূপালী ডেস্ক।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধারের পর শনিবার (০৯ এপ্রিল) দুপুর বেলা আরো এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরো ২জন নিখোঁজ রয়েছে বলে জানায় পুলিশ।

নিহত ঐ শিশুর নাম রোহান (৪) পুলিশ জানায় শনিবার দুপুরের দিকে গজারিয়া নদীতে জেলেদের জালে শিশুর লাশটি আটকে পড়লে তারা উদ্ধার করে পুলিশে খবর দেয়। নিহত রোহান মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের মোনতাজ হাওলাদারের ছেলে।

শুক্রবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদুজামান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে খাজুরিয়া যাচ্ছিল। পথে গজারিয়া পৌছালে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের কারনে উল্টে যায় ট্রলারটি। তখন দুজনকে মৃত উদ্ধার করেন ও আজকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।