যানজটে বুদ্ধি খাটিয়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলো শিশুটি

অনলাইন ডেস্ক।।
মানিকগঞ্জ এলাকার একটি মাদ্রাসার সামনে থেকে অচেতন করে ১৩ বছর বয়সী আলিফ হোসেন শুভকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল রাজধানীর গাবতলী এলাকা দিয়ে। শনিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় গাবতলী বাস টার্মিনাল এলাকায় যানজটের সৃষ্টি হলে অপহরণকারীরা কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পরে। এই সুযোগে অচেতন থাকা শিশুটির জ্ঞান ফিরলে সে কৌশলে বাস থেকে নেমে স্থানীয় ট্রাফিক পুলিশের সহায়তা নেয়, আর তাতেই অপহরণকারীদের হাত থেকে রক্ষা পায় ছেলেটি।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিরপুর বিভাগের দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট আলী আহমেদ বলেন, শনিবার (০৮ জানুয়ারি) দ্বিতীয় শিফটে ২টার পর থেকে রাত পর্যন্ত দারুসসালাম এলাকায় চলছিল আমার ডিউটি। হঠাৎ ট্রাফিক পুলিশ বক্সে ১৩ বছর বয়সী একটি ছেলে এসে আমাদের জানায় যে তাকে অচেতন করে অপহরণ করা হয়েছে। যে বাসে করে ছেলেটি আসছিল দ্রুত সেই বাসে অপহরণকারীদের খোঁজার চেষ্টা করি আমরা। কিন্তু এরই মধ্যে টের পেয়ে তারা সুযোগ বুঝে পালিয়ে যায়।

তিনি জানান, দীর্ঘসময় অচেতন হয়ে ট্রমায় পড়া শিশুটি শুধু তার মাদ্রাসা দারুল আবরার আল ইসলামিয়া ও মাদ্রাসার জায়গার নাম বলতে পেরেছিল। আর কিছু বলতে পারছিল না। পরে স্থানীয় মানিকগঞ্জ সদর থানায় যোগাযোগ করে এবং জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে ছেলেটির পরিচয় উদ্ধার করা হয়। সে অনুযায়ী তার মা-বাবার সঙ্গে যোগাযোগ করা হয়।

এ ঘটনায় দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আর ফোন পেয়ে শিশুটির মা-বাবা থানায় আসলে শিশুটিকে তাদের হেফাজতে দেওয়া হয়।

কারা শিশুটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল কিংবা অপহরণের ঘটনা ঘটেছিল কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘১৩ বছর বয়সী শিশু শুভ আমাদের শুধু বলেছে মাদ্রাসার সামনে থেকে পেছন থেকে কে যেন তার মুখে একটি রুমাল ধরে। পরে সে অচেতন হয়ে পড়ে আর কোনও কিছু মনে নেই তার। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলা হচ্ছে এবং বিষয়টি স্থানীয় পুলিশ খতিয়ে দেখছে।’

অপহরণের কিংবা রাস্তায় ঘটে যাওয়া যে কোনও নেতিবাচক ঘটলে সহায়তা নিতে স্থানীয় ট্রাফিক সার্জেন্ট কিংবা স্থানীয় পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট আলী আহমেদ।