যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখম, বিএনপি নেতা কারাগারে

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (০১ জুলাই) অভিযুক্ত বিএনপি নেতা মোঃ কামাল হোসেন মোল্লা (৪৮)কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
কামাল মোল্লা পূর্ব-সুবিদখালী গ্রামের আসমান আলী মোল্লার ছেলে ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

মামলার এজাহার থেকে জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে কামাল মোল্লার সাথে বিবাহ হয় ভুক্তভোগী ঐ নারীর। কামাল মোল্লার সুবিদখালী বাজারে গার্মেন্টসের দোকান রয়েছে। বিবাহিত জীবনে তাদের ২৪ ও ১৫ বছরের দুটি মেয়েও রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্ত্রীর কাছে যৌতুক দাবি করত সে। ভুক্তভোগী নারীর ভাই আমেরিকা প্রবাসী হওয়ায় বিভিন্ন সময় কিছু টাকাও এনে দেয়। ২০০৮ ও ২০০৯ সালে দোকানের জন্য ৩০ লাখ টাকার দাবি করলে ভুক্তভোগীর ভাই ২২ লাখ টাকা দেয় কামালকে।সাম্প্রতিক ৫-৬ মাস আগে আবারো স্ত্রীর ভাইয়ের কাছ থেকে ২০ লাখ টাকা এনে দিতে বলেন কামাল।আর না এনে দিতে পারলে তার সাথে ঘর সংসার করবে না বলেও হুমকি দেয় সে। সর্বশেষ ঘটনার দিন ২৪ জুন দুপুরে বসত ঘরের ডাইনিং রুমে বসে আবার টাকা আনার কথা বলেন। স্ত্রী ভাইকে আর টাকার কথা বলতে পারবে না বলে জানালে ডাইনিং এ থাকা প্লাষ্টিকের চেয়ার দিয়ে পিটিয়ে বাম হাতের কনুই এবং কজ্বি ভেঙে ফেলে। এ সময় মেঝেতে পড়ে যায় সে। পরে ছোট মেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।