রাঙ্গাবালীতে সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

রাঙ্গাবালী প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে গরু চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১১ টায় চরমোন্তাজের চরলক্ষী ফরেষ্ট বাগান থেকে গরু চুরি করে ট্রলারযোগে নেয়ার পথে স্থানীয়রা হাতেনাতে মিজানুর রহমান(২২) নামের একজনকে আটক করে। এসময় চোরচক্রের বাকিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটকৃত মিজানুর রহমানকে থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে চক্রের আরো দুই জনের নাম প্রকাশ করেন। এঘটনায় রাঙ্গাবালী থানায় একটি চুরির মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে চোরচক্রের কালাম হাওলাদার(৪০) ও আনিচ মুসল্লি(৩৫) নামের দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মিজানুর রহমান ভোলা জেলার দক্ষিণ আইচার সোহাগ হাওলাদারের ছেলে, কালাম হাওলাদার রাঙ্গাবালী উপজেলার চরবেষ্টিন এলাকার কাদের হাওলাদারের ছেলে এবং আনিচ মুসল্লি দশমিনার পূর্ব লক্ষ্মীপূর এলাকার আব্দুর রশিদ মুসল্লীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীগন সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তারা পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে গুরু চুরি করে গলাচিপার উলানিয়া বন্দরে রাতের আধাঁরে জবাই করে বিক্রি করেন। আসামীদের জিজ্ঞাসাবাদকালে এসব তথ্য পাওয়া গেছে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, আসামীদের বিরুদ্ধে ৩৭৯/৪১১ ধারায় পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।