রাজাপুরে অচেতন ৫ জন উদ্ধার, স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক।।
ঝালকাঠির রাজাপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। শনিবার (২০ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নে বসতঘর থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

মারা যাওয়া দুজন হলেন-একই এলাকার ফোরকান হাওলাদার (৪৮) ও স্ত্রী মাহিনুর বেগম (৪০)। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ফোরকানের ছেলে মাইনুল (১৪), ভাই রুবেলের স্ত্রী মাহফুজা বেগম (৩৫) এবং ভাইঝি শিশু সারা মনি (৩)। বাসার এয়ারকন্ডিশনে ত্রুটির কারণে গ্যাস নির্গত হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার ছোট ভাই রুবেলের ভবনে বসবাস করতেন। ঝড়ের কারণে কয়েক দিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শুক্রবার নতুন জেনারেটর কিনে বাড়িতে নিয়ে ভবনের মধ্যেই তা চালিয়ে ভবনে এসি চালু করেন ফোরকান। পরে রাতে খাওয়া দাওয়া শেষে জেনারেটরে এসি চালিয়ে সবাই ঘুমিয়ে পড়েন।

রুবেলের স্ত্রী মাহফুজা বেগম জানান, রাতে এসিতে কয়েক বার শব্দ হয় এবং ঘরে জেনারেটরের ধোয়া ও গ্যাসের গন্ধ পেয়ে তার ঘুম ভেঙে যায়। কিন্তু তিনি বিছানা থেকে উঠতে গিয়ে নিস্তেজ হয়ে পড়েন।

ফোরকানের বড় ভাই সেলিম হাওলাদার (৬০) জানান,সকালে কয়েকবার তাদের ডাকাডাকি করলেও সারা না পেয়ে কাজের মেয়ে চলে যায়। পরে অন্য ভাইরা বেলা ১১ টার দিকে একাধিক বার কল দিয়েও তাদেরকে না পেয়ে এলাকার লোকজনকে জানান। পরে এলাকাবাসী ও স্বজনরা মিলে দরজা- জানালা ভেঙে তাদের উদ্ধার করেন।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্বরত চিকিৎসক আমির সোহেল জানান, হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের অবস্থা উন্নতির দিকে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শ্বাসকষ্ট বা এ ধরনের কোনো সমস্যা পাওয়া যায়নি।

ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা জানান, স্বজন ও এলাকাবাসী দরজা ভেঙে ভেতরে গিয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগমকে মৃত অবস্থায় এবং বাকী তিনজনকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির গ্যাসক্রীয়ায় তারা মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে বিস্তারিত জানা যাবে। এ মৃত্যুর সাথে অন্য কোন ঘটনা বা রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে। মৃত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।