রাত পোহালেই ভান্ডারিয়া পৌরনির্বাচন

তরিকুল ইসলাম, পিরোজপুর।।
দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হবে ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন। সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে ভান্ডারিয়া পৌরসভার নির্বাচন শুরু হবে। যথাসময়ে নির্বাচন না হওয়ায় এই নির্বাচনটি এখন সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন।

২৬ জুন প্রতীক বরাদ্দের পর প্রচার-প্রচারণায় সরগরম হয়ে ওঠে গোটা পৌর এলাকা। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা। প্রচার-প্রচারণায় গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন তারা। নির্বাচনী ইশতেহারে সে কথাগুলো ব্যক্ত করেছেন প্রার্থীরা। সব কিছু শেষে এখন চলছে ভোট প্রদানের চিন্তা ভাবনা। সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশনার। প্রতিটি কেন্দ্রে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে ভ্রাম্যমান টীম, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নির্বাচন কমিশনারের পর্যবেক্ষক টিম থাকবে ভোট কেন্দ্রে।

ভান্ডারিয়া পৌরসভায় ৯টি ওয়ার্ডে ২২৪১৫জন ভোটারের প্রতিনিধি হতে মেয়র প্রার্থী ৫জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ১৩ জন এবং সাধারন সদস্য ৩৮ জন প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন। কাগজে-কলমে মেয়র পদে ৫ জন প্রার্থী থাকলেও মূলতঃ সরজমিনে ঘুরে দেখা যায় ১৪ দলীয় মহাজোটের দুই প্রার্থী আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফাইজুর রশিদ (খসরু) নৌকা মার্কা এবং জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন (মাহিম) এর মধ্যে প্রতিদ্বন্দী হচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রের ৬৮টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রথমবারের মতো ভান্ডারিয়া পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। পৌরসভায় ২২ হাজার ৪শত ১৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২শ ৩৬ জন ও নারী ভোটার ১১ হাজার ১শ ৭৯ জন।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশনারের পর্যবেক্ষক দল থাকবে ভোট কেন্দ্রে। ইতোমধ্যে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে ভোট কেন্দ্রে।
১১.২৫ বর্গ কিঃমিঃ আয়তনের এ পৌরসভা ২২ সেপ্টেম্বর , ২০১৫ প্রতিষ্ঠার পর এবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।