সন্তান হলেই পুরস্কার!

অনলাইন ডেস্ক।।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করলেই নবজাতক ও তার মাকে পুরস্কার দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি সমাজসেবা অধিদফতরের রোগী কল্যাণ সমিতির অর্থায়নে নবজাতক ও তার মাকে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম। এমন উদ্যোগে খুশি হয়ে হাসপাতালে সন্তান প্রসব করতে আসা মায়েরা।

বুধবার (০৯ মার্চ) ভোরে উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে সন্তান প্রসব করতে আসা এক নারী জানান, আমরা মনে করতাম হাসপাতালে ডেলিভারি করালে নার্স ও চিকিৎসকদের টাকা দিতে হয়। কিন্তু কামারখন্দ হাসপাতালে সন্তান প্রসবের পর হাসপাতাল কর্তৃপক্ষ তো কোন টাকা নেয়নি, উল্টো আমাকে ও আমার সন্তানকে পুরস্কার দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম জানান, অনেক রোগী বা তার স্বজনদের ধারণা হাসপাতালে সন্তান প্রসব করাতে টাকা লাগে। তাদের এই ধারণা পাল্টে দিতেই এমন উদ্যোগ। যদি কোনও গরীব প্রসূতি সন্তান প্রসবের জন্য টাকার অভাবে অথবা গভীর রাতে হাসপাতালে না আসতে পারে তাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয়।