সরকারবিরোধী বিক্ষোভে শ্রীলঙ্কার রাস্তায় জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক।।
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশটিতে শুরু হয়েছে বিক্ষোভ। ইতোমধ্যে দায় মেনে সরকারের ২৫ জন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

জরুরি অবস্থা ও কারফিউ দিলেও সেসব ভেঙে মানুষ নেমেছে রাস্তায়। এবার তাদের সঙ্গে যোগ দিলেন সাবেক লঙ্কান তারকা সনাৎ জয়সুরিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাৎ জয়সুরিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে।

শ্রীলঙ্কার পত্রিকা দ্যা আইল্যান্ডের প্রতিবেদনে দেখা যায়, সাবেক এই ক্রিকেটারের হাতে ছিল একটি ব্যানার। আর তাতে লেখা, ‘আমাদের পরবর্তী প্রজন্মের জন্য শ্রীলঙ্কাকে বাঁচান।’ বিক্ষোভে অংশগ্রহণ করে সাবেক টেস্ট অধিনায়ক মারভান আতাপাত্তুও।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরকার বিরোধী আন্দোলনে সামিল হন বর্তমান-সাবেক ক্রিকেটাররা। এই তালিকায় রয়েছেন মাহেলা জয়াবর্ধনে এবং ভানুকা রাজাপক্ষে। এছাড়া এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারার স্ত্রীও।