সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্টঃ মির্জাগঞ্জে আরও ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্যাটাস ও মন্তব্য করায় মির্জাগঞ্জ উপজেলা দুই ইউনিয়নের ছাত্রলীগের আরও ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ সই করা সংবাদ বিজ্ঞপ্তি ফেইসবুকে পোস্ট করে ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।

মির্জাগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের ছাত্রলীগের বহিষ্কার হওয়া নেতারা হলেন আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি সজিব মল্লিক, মাসুম বিল্লাহ ও মাধবখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব আহমেদ সানি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই। নীতি আদর্শ পরিপন্থী কাজের জন্য তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। কী কারনে এত বিলম্ব হলো প্রশ্নের জবাবে সভাপতি বলেন তদন্ত করে জানার জন্য একটু সময় লেগেছে।

বহিষ্কৃত নেতারা মুঠোফোনে জানান, কি কারনে আমাদের বহিষ্কার করা হয়েছে তা জানা নেই।