সাধারণ ক্রেতাদের বোকা বানানোর কারখানা

অনলাইন ডেস্ক।।
ছোট একটি কারখানায় তৈরি হচ্ছে জুতা। তাতে লাগিয়ে দেওয়া হচ্ছে দেশের অন্যতম ব্র্যান্ড অ্যাপেক্সের লোগো। বাটা লোগোর অনুকরণে বসিয়ে দেওয়া হচ্ছে বালার লোগো। এভাবেই নামিদামি সব ব্র্যান্ডের নকল জুতা বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতাদের বোকা বানানো হচ্ছে, ঠকছেন তারা।

বুধবার (২০ এপ্রিল) জুড়াইন পোস্তগোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসবের প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা মালিক অভিযুক্ত আব্দুস সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি জানান, রাজধানীর পোস্তগোলা এলাকায় আজ অভিযান করা হয়। এ সময় আলম সুপার মার্কেটের নিচ তলায় এপেক্সের লোগো হুবহু নকল করে এবং বাটার লোগো অনুকরণে ‘বালা’ নামে স্যান্ডেল তৈরি করতে দেখা যায়। এসব সেন্ডেল তৈরির বিভিন্ন উপকরণ স্পটে ধ্বংস করা হয় এবং অভিযুক্ত আব্দুস সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বুধবার অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর জুড়াইন ও বনশ্রীসহ দেশব্যাপী মোট ৭০টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১৫৭টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ ৫০০ টাকা দেওয়া হয়।