স্কুল-কলেজের সামনে সিগারেট বিক্রি বন্ধ চায় তরুণরা

রূপালী ডেস্ক।।
শিক্ষার্থীদের তামাক থেকে দূরে রাখতে স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি বন্ধ চায় বরিশালের তরুণরা। বর্তমান সমাজ ব্যবস্থাকে ঘিরে ধরেছে মাদক। আর এর শিকার যুবসমাজ। তামাক বা সিগারেটই মাদক গ্রহণের প্রথম স্তর। প্রথমে বন্ধুদের সঙ্গে একটা দুইটি সিগারেট। পরে তাদেরই পাল্লায় পড়ে মাদকের অন্য শাখায় প্রবেশ।

বরিশালের সর্বত্র মাদকের হাতছানি। তার মধ্যে অলিতে গলিতে সিগারেট ও তামাকের দোকান। এমনকি প্রায় প্রতিটি স্কুল কলেজের সামনেও চলছে এর ক্রয় বিক্রয়। নেই কোনো আইনের বালাই। এই অবস্থা থেকে উত্তরণে নগরীর স্কুল ও কলেজের সামনে যেন সিগারেট বিক্রি না হয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য স্মারকলিপি দিয়েছে তরুণদের সংগঠন ‘দি অডেশাস’।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) অমৃত লাল দে মহাবিদ্যালয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের কাছে তারা এই স্মারকলিপি প্রদান করেন।

দি অডেশাস-এর সভাপতি সাংবাদিক সাঈদ পান্থর সভাপতিত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র পাল, সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, বরিশাল আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি লস্কর নুরুল হক, অমৃত ফুড এর ব্যবস্থাপনা পরিচালক ভানু লাল দে, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাষীশ চক্রবর্তী, ‘দি অডেশাস’ এর সাংগঠনিক সম্পাদক হৃদয় শিংহানীয়া, সহ-অর্থ সম্পাদক অয়ন রায় প্রমুখ।