হিজলায় খোকনসহ বিএনপির চার নেতা আটক

রূপালী ডেস্ক।।
বরিশালের হিজলা উপজেলায় অবরোধের পক্ষে মিছিলের পর আটক করা হয়েছে বিএনপির ও অঙ্গ সংগঠনের চার নেতা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কাউরিয়া এলাকায় মিছিলের পর বিকেলে আটক হয় চার নেতা।

গ্রেপ্তাররা হলেন-হিজলা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন দেওয়ান, বড়জালিয়া ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক শাহবুদ্দিন প্যাদা ও স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মোল্লা।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল বলেন, দুপুরে কাউরিয়া টেকেরহাট শ্রীপুর এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে। এরপর থেকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড থেকে তিন নেতাকে ও একজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ এ চার নেতার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করা হবে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।