নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। কলাপাড়া নাগরিক উদ্যোগের আয়োজনে শনিবার ২৯ জুন বেলা সাড়ে ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ’র আহবায়ক কমরেড নাসির উদ্দিন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান সিকদার, ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক মো. জিসান হায়দার আলমগীর, বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কলাপাড়ার সদস্য অমল কর্মকার, ব্যবসায়ী নেতা সৈয়দ মো. রাসেলসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা কলাপাড়ায় বিদ্যুতের নানা অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান।

এসময় তারা বলেন, তাপবিদ্যুতের জন্য কলাপাড়ার মানুষ বাড়িঘর, মসজিদ, মন্দির, গোরস্থান সবকিছু দিয়ে তারা বাস্তহারা হয়েছে। তাই এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কলাপাড়াবাসিকে দিয়ে অন্যত্র বিতরণ করতে হবে। এছাড়াও চলমান এই পরিস্থিতির উন্নতি না হলে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা।