চরামদ্দিতে “ব্রি” বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।
পার্টনার প্রকল্পের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ব্রি আঞ্চলিক কার্যালয় বরিশাল এর সহযোগিতায় ব্রি’র রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের উদ্যোগে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামে গত ৭ এপ্রিল ২০২৫ রোজ বুধবার মাঠদিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষিকে লাভজনক করতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীগণ। সেই লক্ষ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস্ (আরএফএস) বিভাগ প্রচলিত এক ফসলী শস্যবিন্যাসে বোরো / মুগডাল / মিষ্টিকুমড়া অন্তর্ভুক্তির মাধ্যমে দ্বি- ফসলী শস্যবিন্যাসে রূপান্তরের কার্যক্রম হাতে নিয়েছে। উক্ত কার্যক্রমের আওতায় সর্বমোট ২০ বিঘা জমিতে আমন ধান কর্তনের পরে বোরো মৌসুমে ব্রি ধান ৭৪ করা হয়েছে। একই লক্ষ্যে ৫ বিঘা জমিতে মিষ্টিকুমড়া চাষ করা হয়েছে যা অত্র অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও আরো ২০ বিঘা জমিতে আমন ধান কর্তনের পর মুগডাল চাষ করা হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, বরিশাল এর প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো. আশিক ইকবাল খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আরএফএস, ব্রি, গাজীপুর এর বৈজ্ঞানিক কর্মকর্তা, তাসনিমা হুসনা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল এর উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। তিনি তার বক্তব্যে উপস্হিত কৃষকদের সদ্য উদ্ভাবিত জাতগুলো দ্রুত মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার এবং কৃষকদের ধান এর পাশাপাশি অন্য রবিশস্য চাষ করার জন্য উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মির্জা গোলাম মোর্শেদ।

এ কার্যক্রমের আওতাভূক্ত সুবিধাভোগী কৃষক মাসুদ বলেন, ব্রি উদ্ভাবিত আধুনিক ব্রি ধান৭৪ চাষ করে বিঘা প্রতি ৩০ মণ ধানের ফলন পেয়েছেন এবং একই কার্যক্রমের অংশীজন কৃষক আরিফ বলেন, আমনের পরে মিষ্টিকুমড়া চাষ করে বেশ লাভজনক হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, ব্রি আঞ্চলিক কার্যালয় বরিশাল এর বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত, আরএফএস,ব্রি, গাজীপুর এর বৈজ্ঞানিক কর্মকর্তা তাফসীন আরাফ, প্রমূখ।

স্থানীয় প্রায় ১০০ জন কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উক্ত মাঠ দিবস পালিত ও মতবিনিময় সভা সম্পন্ন হয়।