মঠবাড়িয়ায় ৪ ইউনিয়নে ভোট: সকল প্রস্তুতি সম্পন্ন

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর) ।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় আগামীকাল (০৫ জানুয়ারি) ৫ ধাপের ৪ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৪টি ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৯ জনই স্বতন্ত্র প্রার্থী। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আগামীকাল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে বড়মাছুয়া ও ধানীসাফায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া বাকী দুই ইউনিয়ন দাউদখালী ও টিকিকাটায় সাধারণ পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

৪টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের ৪ জন ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের ৪ জন, ছাড়াও দলীয় প্রতীকে জাতীয় পার্টি (এরশাদ) ০১ জন ও জাতীয় পার্টি (জেপি) থেকে ০১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এদিকে বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে হাতপাখা, লাঙ্গল, বাই সাইকেল ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের মারধর, প্রচারনায় বাঁধা ও প্রচার মাইক ভাংচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রার্থীরা সংবাদ সম্মেলন করে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরছেন। এদিকে ভোট গ্রহণের দিন সুষ্ঠ ভোট নিয়ে ভোটারদের মধ্যে শংকা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জোর আশ্বাস দেয়া হচ্ছে।

চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন-২নং ধানীসাফা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, ৪নং দাউদখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, টিকিকাটা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন জমাদ্দার ও ১১নং বড়মাছুয়া ইউনিয়নে আয়েশা আক্তার মনি। এছাড়া দলীয় প্রতীকে ধানীসাফা ইউনিয়নে মোঃ ইউসুব আলী মুন্সী (হাতপাখা), দাউদখালী ইউনিয়নে সেকান্দার আলী খান (লাঙ্গল), আব্দুস শুক্কুর তালুকদার (বাইসাইকেল), মোঃ নূরুল ইসলাম মোল্লা (হাতপাখা), টিকিকাটা ইউনিয়নে মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা (হাতপাখা) এবং বড়মাছুয়া ইউনিয়নে জসিম হাওলাদার (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা হলেন ধানীসাফায় রফিকুল ইসলাম আকন, আবু জাফর হাওলাদার, আজিজুর রহমান, এএইচএম জামাল উদ্দিন, শহীদুল হক, ইউসুফ আলী সরদার, কাঞ্চন আলী শিকদার, মো. মামুন, সাইদুল মল্লিক ও মো. শামীম আহসান। দাউদখালীতে জাহিদুল আলম শামীম, মোঃ আইউব আলী খান, মোঃ জাহাঙ্গীর খান, একেএম মাহমুদুল হাসান তৌফিক ও মুছা তালুকদার। টিকিকাটায় সুফী জহির উদ্দীন, মোসাঃ সালমা, মো. শহিদুল ইসলাম, এনামুর রহমান ও মোঃ আব্দুল হালিম এবং বড়মাছুয়ায় বর্তমান চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার, কামরুজ্জামান স্বপন খান, দুলাল হাওলাদার, মাইনুল ইসলাম, মোঃ বশির আহমেদ, ছিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল লতিফ, মোঃ জামাল শিকদার, মোঃ হাবিবুর রহমান ও মো. নুরুল আমিন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেন জানান, মঠবাড়িয়ায় আগামীকাল চারটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুয়েকটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।