গৌরনদীর টরকী বন্দরে পাহারাদারকে বেঁধে আবারও গণডাকাতি

গৌরনদী প্রতিনিধি, বরিশাল॥
নীলখোলা মার্কেটের পাহারাদার আহম্মেদ বেপারীর (৬০) হাত-পা বেঁধে দশটি ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা মার্কেটে।

ওই মার্কেটের পাহারাদার আহম্মেদ বেপারী বলেন, মঙ্গলবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে একটি ট্রাক নিয়ে আসে সঙ্ঘবদ্ধ দশ থেকে বার জন ডাকাত । এসময় অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁধে দুইটি টাইলসের দোকান, ব্যাটারীর দোকান ও চিপসের গোডাউনসহ ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও চারটি গোডাউনের তালা ভেঙ্গে নগদ তিন লক্ষাধিক টাকা ও মূল্যবান মালামাল সহ সিসি ক্যামেরার ডিভাইজ ডাকাতি করে নিয়ে যায়।

খবরপেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। একইদিন রাতে উপজেলার টরকী হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার মাদ্রাসা অফিসের তালা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোর।