নিজ পরিবারের ভোট না পেয়ে সম্পর্ক ছিন্নের ঘোষণা প্রার্থীর

অনলাইন ডেস্ক।।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায় মো. মানিকুর রহমান মানিক পেয়েছেন তিন ভোট। মানিকের পরিবারে ছয় জন সদস্য ভোটার থাকা সত্ত্বেও তিনি পান তিন ভোট। এদিকে পরিবারের সদস্যদের ভোট না পেয়ে তিনি সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন।

মানিক দাবি করেন, বাবা ও দুই ভাই তাকে ভোট দেননি। তবে তার মা এবং স্ত্রী ভোট দিয়েছেন। এমনকি ভোটকেন্দ্রে দায়িত্বরত তার পোলিং এজেন্টরাও তাকে ভোট দেননি। নিজের পরিবারে ছয় জন ভোটার থাকা সত্ত্বেও তিনি তিন ভোট পেয়েছেন। নির্বাচনে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় নির্বাচনের ফলাফল প্রকাশের পরদিন ক্ষুব্ধ মানিক নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। মানিকের বাড়ি ঐ ইউনিয়নের বিজেশ্বর গ্রামে। মো. মানিকুর রহমান মানিক জানান, বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকালে তিনি একান্নবর্তী পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জ উপজেলা পরিষদের ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদর উপজেলার রামরাইল ইউনিয়নে মেম্বার পদে আপেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. মানিকুর রহমান মানিক। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা তার জন্য সহজ ছিল না। কারণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন চাচা টানা তিন বারের নির্বাচিত মেম্বার আতিকুর রহমান।