বেহাল রাস্তা নিয়ে কাশ্মিরি শিশুর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক।।
ছোট্ট এক কাশ্মিরি মেয়ের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে খারাপ রাস্তার কারণে আত্মীয়স্বজন বেড়াতে আসতে পারে না বলে অভিযোগ জানিয়েছে শিশুটি।

ভিডিওতে দেখা যায়, এতে অনেকটা সংবাদ প্রতিবেদনের মতো করে রাস্তার খারাপ অবস্হার কথা তুলে ধরা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভিডিও ধারণকারীকে মেয়েটি ‘মা’ বলে সম্বোধন করছে, এমনটি শোনা গেছে। কথা বলার সময় রাস্তার গর্তের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোরও নির্দেশনা দেয় শিশুটি। মোবাইল ফোনে ধারণ করা ২ মিনিট ৮ সেকেন্ডের বার্তাটিতে কাঁদা ও বৃষ্টি কীভাবে রাস্তাঘাটের পরিস্হিতি আরও খারাপ করে তুলেছে তা বর্ণনা করে মেয়েটি।

এর পাশাপাশি প্রতিবেশিরা কীভাবে রাস্তা ময়লা করছে তাও তুলে ধরেন ঐ ছোট প্রতিবেদ। ভিডিওর শেষে এসে সবাইকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে বলে প্রতিশ্রুতিও দেয় সে। প্রকাশিত হওয়ার পর থেকেই ভিডিওটি নেটিজেনদের প্রশংসার বন্যায় ভাসছে।

তবে তাত্ক্ষণিকভাবে মেয়েটির নাম ও ভিডিও ধারণের স্হান নিশ্চিত হওয়া যায়নি। কাশ্মীর উপত্যকায় সম্প্রতি প্রবল তুষারপাত ও বৃষ্টি হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলো থেকে জানা গেছে। কাশ্মীর উপত্যকায় শিশুদের ভিডিও বার্তার মাধ্যমে কর্তৃপক্ষের নজর টানার ক্ষেত্রে এটিই প্রথম ঘটনা নয়।

গত বছর, ৬ বছর বয়সী মাহিরু ইরফান ৭১ সেকেন্ডের একটি ভিডিওতে অনলাইন ক্লাসের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানায়। ভিডিওটি রাতারাতি মিডিয়া সেনসেশনে পরিণত হয়। পরবর্তীতে ভিডিওটি জম্মু ও কাশ্মীরের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহার নজরে আসলে ৪৮ ঘন্টার মধ্যে স্কুল শিক্ষার্থীদের ওপর বাড়ির কাজের বোঝা কমানোর একটি নীতি চালু করার নির্দেশ দেন।