একাকীত্ব থেকে মুক্তি পেতে ৯৩ বছর বয়সে বিয়ে

অনলাইন ডেস্ক।।
কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের সাবেক সভাপতি ইসমাইল হোসেন ৯৩ বছর বয়সে বিয়ে করেছেন । সোমবার (১৭ জানুয়ারি) বিকালে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। পাঁচ লাখ টাকা কাবিনের এ বিয়েতে ৫০ জনের মতো অতিথি উপস্থিত ছিলেন।

৪০ বছর বয়সী পাত্রীর বর্তমান বাসা কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। নাম মিনারা বেগম। আইনজীবী ইসমাইল হোসেনের বাড়ি আদালতের নিকটে নগরীর ছোটরায়। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে। নিঃসঙ্গতা বোধ থেকে তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা। কারণ তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম ৫ বছর আগে মারা গেছেন।

আইনজীবী কাজী আসিফ বলেন, ইসমাইল সাহেব এখনো আদালতে প্র্যাকটিস করেন। অনেক আগে স্ত্রী মারা গেছেন। তিনি একাকীত্ব থেকে মুক্তি পেতে বিয়ে করেছেন বলে শুনেছি।

অ্যাডভোকেট ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বলেন, আমরা বাবার বিয়ে সম্পর্কে জানতাম না। আজ দুপুরে শুনেছি তিনি নতুন বউ নিয়ে বাসায় এসেছেন।

অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় বিয়ে করেছি। আমার নতুন সহধর্মিনী ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সোমবার ছোটরার বাসায় এসেছি।