আগৈলঝাড়ায় স্ত্রীকে হত্যার ৩ ঘন্টার মধ্যে স্বামী গ্রেফতার

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কহলের কারনে স্ত্রীকে হত্যার ৩ ঘন্টার মধ্যে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের মৃত. করিম শাহ’র মেয়ে রাশিদা বেগমের সাথে গোপালগঞ্জ জেলার বেদগ্রাম এলাকার আনোয়ার শেখের ছেলে তামিম শেখের দুই বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের একটি সন্তান রয়েছে। সম্প্রতি স্ত্রী রাশিদার পরকীয়ার সন্দেহে প্রায় স্বামীর সাথে ঝগড়া হত এবং স্বামী তামিম শেখ স্ত্রী রাশিদাকে প্রায়ই মারধর করত। একারনে রাশিদা স্বামীর বাড়ি ছেড়ে এসে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ১নং ব্রীজ সংলগ্ন স্থানে ভাড়া বাসায় থাকতেন।

বুধবার দুপুরে স্বামী তামিম শেখ স্ত্রী রাশিদাকে সংবাদ দিয়ে গোপালগঞ্জ জেলার বেদগ্রামে নিয়ে যায়। পরকীয়ার কারনে স্ত্রী রাশিদার উপর রাগ হয়ে বুধবার রাতে স্বামী তামিম শেখ রাশিদাকে হত্যা করে তার লাশ রাত ১১টায় বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ার ওভার ব্রীজের পশ্চিম পাশে ফেলে যায়। পথচারীরা মহিলার লাশ দেখে পুলিশকে সংবাদ দিলে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ওই রাতেই ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম অভিযান চালিয়ে ৩ ঘন্টার মধ্যে রাশিদার স্বামী তামিম শেখকে গোপালগঞ্জ জেলার বেদগ্রাম এলাকা থেকে রাত ২টায় গ্রেফতার করেন।

স্বামী তামিম স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন বলে জানান (ওসি) তদন্ত মাজহারুল ইসলাম। নিহত রাশিদার ভাই আলামিন শাহ বাদী হয়ে বোন জামাই তামিম শেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং-৮। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তামিম স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।