বরগুনার দুই রুটে ৯ ঘণ্টা পর আবারও ফেরি চলছে

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ঘন কুয়াশা ও একাধিক ডুবোচরের কারণে প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর বরগুনা জেলার বরগুনার পুরাকাটা- আমতলী ও বরগুনার বড়ইতলা- বাইনচটকির এ দুই নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই ফেরি ফের চালু করা হয়।

এ রুটে চলাচলরত ইউটিলিটি ফেরির চালক দোলন মিয়া বলেন, পায়রা নদীর নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে রাতে নৌযান ও ফেরি চালু রাখা যায়নি। কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ২টার দিকে আমতলী-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকির রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। পরে আজ সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে ফেরি বন্ধ থাকায় আমতলী ও পুরাকাটা ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন দেখা গেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ বরগুনা নদী বন্দরের সহকারী পরিচালক মামুন অর রশিদ বলেন, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি করে বরগুনা বন্দর ও আমতলীতে পৌঁছেছে।