কলকাতা পুলিশের ভরসা ‘পুষ্পা’!

বিনোদন ডেস্ক।।
মুক্তির পরই ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে পুষ্পার ডায়লগ। এমন হওয়াটাই স্বাভাবিক। কেননা, বড় বাজেটের বলিউড-হলিউড সিনেমাকেও টপকে গেছে পুষ্পা।

সুকুমার পরিচালিত এই সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাইবার সতর্কতা বাড়াতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

গেল সোমবার (৩১ জানুয়ারি) কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। পোস্টটি ছিল এ রকম- স্রীনু পুষ্পাকে ফোন করে বলছেন, ‘কুড়ি হাজারের লটারি জিতেছিস তুই, এবার নিজের ওটিপিটা বল।’ ফোনের উল্টো দিক থেকে উত্তরে পুষ্পা বলছেন, ‘আমায় বোকা ভেবেছ? এখনই তোর নম্বর সাইবার পিএসকে হোয়াটসঅ্যাপ করছি।’ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে লটারি ফ্রডের মতো হ্যাশট্যাগ। সতর্কবার্তা এটাই যে লটারির নাম করে কোনো ফোনে ওটিপি চাইলে তা কখনই প্রকাশ করা উচিত নয়।

‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার নাম ভূমিকায় আছেন ‘আইকন স্টার’ খ্যাত তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও আছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিল। সিনেমার আইটেম গানে আবেদনময়ী রূপে নেচেছেন সামান্থা রুথ প্রভু।

প্রসঙ্গত, মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির তৃতীয় দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে ‘পুষ্পা : দ্য রাইজ’। দুই পর্বে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার অপেক্ষা দ্বিতীয় পর্বের।

সূত্র: হিন্দুস্তান টাইমস