করোনা আক্রান্ত ২ জন, দেশব্যাপী লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক।।
টোঙ্গার রাজধানী নুকুয়ালোফায় নতুন করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে দেশটিতে এ লকডাউন কার্যকর হবে। এছাড়া দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, ‘রাজধানী নুকুয়ালোফায় চলতি সপ্তাহে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশানে রাখা হয়েছে।’

তিনি জানান, এরা বন্দরে কাজ করতেন। গত ১৫ জানুয়ারির অগ্ন্যুপাতের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানবিক সহায়তা এই বন্দরেই গ্রহণ করা হয়। তিনি বলেন, এ কারণে দেশব্যাপী আমাদের এই লকডাউন। নৌকা এবং আভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও বন্ধ থাকবে।

এছাড়া বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে টোঙ্গার সীমান্ত বন্ধ হয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। প্রতি ৪৮ ঘণ্টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে সোভালেনি উল্লেখ করেন।

এদিকে দেশটির রাজধানী থেকে ৬৫ কিলোমিটার দূরের আগ্নেয়গিরি থেকে ভয়াবহ এক অগ্ন্যুপাতে যে পরিস্থিতি তৈরি হয় তাকে টোংগা কর্তৃপক্ষ নজিরবিহীন দুর্যোগ বলে বর্ণনা করেছে।

পরিস্থিতি মোকাবেলায় অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, ফিজি ও ব্রিটেন খাবারপানি, চিকিৎসা ও প্রকৌশল সরঞ্জাম সরবরাহ করছে।