মিয়ানমারের প্রতি যে আহ্বান জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক।।
অবিলম্বে সব ধরণের সহিংসতা বন্ধের জন্য মিয়ানমারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আশা করছে সংকটের মধ্যস্থতার জন্য মিয়ানমার একজন বিশেষ দূতকে সেখানে ভ্রমণের অনুমতি দেবে।

বুধবার (০২ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ কম্বোডিয়ার মন্ত্রীর সফরের অপেক্ষায় রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে দেখা করার এবং কাজ করার মাধ্যমে সংলাপ প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি মানবিক সহায়তার সুযোগ সৃষ্টি করবে।

বিবৃতিতে বলা হয়, জান্তার অভ্যুত্থানে প্রাণঘাতি সংঘাতের একবছর পূর্ণ হওয়ার দিনে নিরাপত্তা পরিষদে ব্রিটেন এই খসড়া প্রস্তাব উত্থাপন করে এবং সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়।

নিরাপত্তা পরিষদ দেশটিতে সাম্প্রতিক সহিংসতা এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে।

স্থানীয় একটি মনিটরিং গ্রুপ জানিয়েছে, দেশটিতে অভ্যুত্থানের পর থেকে দেড় হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে এবং ১১ হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

দেশটির সাবেক বেসামরিক নেত্রী অং সান সুচি ও সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে কারাগারে পাঠানো হয়েছে।