তজুমদ্দিনে জমির বিরোধের জেরে দোকানে আগুন দেয়ার অভিযোগ

তজুমদ্দিন প্রতিনিধি, ভোলা॥
ভোলার তজুমদ্দিনে জমিজমার বিরোধের জেরে দোকানে সোমবার (০৭ ফেব্রুয়ারি) রাতের আধাঁরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আগুনের ঘটনায় দোকানে থাকা প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। এ ঘটনায় দোকান মালিক আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

দোকান মালিক ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়াডের ঘোষেরহাট বাজারে জিহাদ ষ্টোরের মালিক দীন ইসলাম রবিবার বেচা-কেনা শেষে রাতে দোকন বন্ধ করে বাসায় চলে যায়। পরে রাত দেড়টার দিকে স্থানীয়রা দোকানে আগুন দেখে মালিক দীন ইসলামকে ডেকে আনেন। আগুন দেখে দোকান মালিক দীন ইসলাম অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষনের দীন ইসলামের পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম দোকানের ফ্রিজ, টিভিসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক দীন ইসলাম বলেন, আমার দোকানের বিদ্যুৎতের সংযোগ বন্ধ থাকায় বিদ্যুৎ থেকে আগুন লাগার কোন সম্ভাবনা নেই। আমার পাশ্ববর্তী কাশেম চৌকিদার, আবু তাহের ও বাবুল গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। জমির বিরোধের কারণে রাতের আধাঁরে আমার দোকানে কাশেম চৌকিদার, আবু তাহের ও বাবুল গংরা দোকানে আগুন দিয়ে থাকতে পারে। এঘটনায় আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

জানতে চাইলে কাশেম চৌকিদার বলেন, রাতে আধাঁরে কে বা কারা দীন ইসলামের দোকানে আগুন দিয়েছে তা আমরা জানিনা। জমিজমার বিরোধে তার দোকানে আগুন দেয়ার প্রশ্নই আসেনা। অন্য অভিযুক্ত বাবুলের ব্যবহৃত নম্বরে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। যে কারণে তার বক্তব্য নেয়া যায়নি।