বরিশালে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

রূপালী ডেস্ক।।
বরিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল ইসলাম (৩৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রয়ারি) ভোরে নগরীর কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী উকিলবাড়ি সড়কের বাসিন্দা মোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি শরীয়তপুর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শক্তি’র শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

নিহতের শ্বশুর মোকসেদ আলী খান জানান, সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে বাড়িতে এসেছিলেন খাইরুল ইসলাম। ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগদানের জন্য মঙ্গলবার ভোরে মোটরসাইকেলে শরীয়তপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। কিছুটা পথ অতিক্রমের পরেই সড়ক দুর্ঘটনায় মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে ট্রাক রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান চালক। এ সময় মোটরসাইকেলটি ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে ফরিদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটিকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি টেম্পো চলে আসে। এ সময় টেম্পোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনের অংশে ধাক্কা লেগে আছড়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।