রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক।।
নিজেদের ভূখণ্ডে আগ্রাসনের পরপরই আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন। যেকেউ চাইলে তার দেশকে অস্ত্র দিতে পারেন বলেও ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করলেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন।

এই ঘোষণার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস বর্তমানে সেখানে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন গণমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, তার দেশে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে রাশিয়া। ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে রাশিয়া।

অন্যদিকে, এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের কোনো শহরে হামলা করা হচ্ছে না। বিভিন্ন সামরিক অবকাঠামো, এয়ার ডিফেন্স সিস্টেম ও ইউক্রেনীয় বিমান বাহিনীর অত্যাধুনিক অস্ত্রাগারে হামলা করা হচ্ছে।