মহিপুরে গাছের নিচে চাপা পরে যুবকের মৃত্যু, আহত-২

কুয়াকাটা প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুরে গাছের নিচে চাপা পড়ে মো.নাসির উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুগডুগি গ্রামে। এ সময় আহত হয়েছে রিয়ান (৯) ও তাইফুর (১৯)। মৃত নাসির ওই গ্রামের ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিক নাসিরের বাড়িতে গাছ কাটছিলো। এসময় গাছের সঙ্গে দড়ি বেঁধে টানা দেয় তারা। গাছটি ছিটকে এসে নাসির, রিয়ান ও তাইফুরের শরীরে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করে। অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।