এবার সেই সুবাহর বিরুদ্ধে মামলা করলেন গায়ক ইলিয়াস

বিনোদন ডেস্ক।।
রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সুবাহ শাহ হুমায়রা (নাসিরের সুবাহ) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গায়ক ইলিয়াস। মামলার বিষয়টি ইলিয়াস নিজেই নিশ্চিত করেছেন।

১৭ ফেব্রুয়ারি মামলাটি করলেও মামলার বিষয়ে আজ সাংবাদিকদের জানান ইলিয়াস। বলেন, এটা যেহেতু আইনি প্রক্রিয়া তাই এটা নিয়ে খুব বেশি কিছু জানানোর নেই আমার। মামলা করেছি সেটা আইনি প্রক্রিয়াতেই এগোবে।

ইলিয়াস তার মামলার নথিতে বলেছেন, গত ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াসের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে তার সম্মানহানি করেছেন সুবাহ।

নথিতে ইলিয়াস উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁয় যেচে ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ইলিয়াসকে দেখতে তার প্রাক্তন প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন। এক পর্যায়ে কল রিসিভ করেন গায়ক। ফোনে তাদের আলাপ জমতে থাকে।

গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের ক’দিন পরই শুরু হয় ঝামেলা। সুবাহর অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই নতুন বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।

এসবের মধ্যেই হুট করে দুবাই চলে যান ইলিয়াস। পরে তার বিরুদ্ধে মামলা করেন সুবাহ। দেশে ফিরে সেই মামলায় আত্মসমর্পণ করে আগাম জামিন নেন ইলিয়াস।

সুবাহ মূলত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক থাকার ইস্যুতে আলোচনায় আসেন। পরে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও কোনো সিনেমাই এখনও মুক্তি পায়নি।