বোমা নয়, ওরা মানুষ বোঝে!

স্পোর্টস ডেস্ক।।
’নিউট্রন বোমা বোঝ/ মানুষ বোঝ না!’ কবি হেলাল হাফিজের ’যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের ’অশ্লীল সভ্যতা’ কবিতার লাইন দুটি দিনে দিনে কঠিন বাস্তব হয়ে উঠছে। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন তার সর্বশেষ উদাহরণ।

ব্যক্তি, রাষ্ট্র ও সংগঠন পর্যায়ে অনেকেই রক্ত, বোমা কিংবা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ’মানুষ বোঝেন’ তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ওয়াটফোর্ডও ওই বার্তাই দিয়েছে।

দুই দলের ফুটবলার ও ম্যানইউ কোচ একত্রিত হয়ে মাঠে নামার আগে ’শান্তি (পিচ)’ লেখা প্লাকার্ড হাতে নিয়ে ইউক্রেনের প্রতি রাশিয়ার যুদ্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে, ম্যানইউ-এর অন্তবর্তীকালীন জার্মান কোচ রাফ র‌্যাঙনিক ওই আইডিয়া বের করেন।

ক্লাব কর্তৃপক্ষ ও ফুটবলাররা সমর্থন করায় ’যুদ্ধ নয় শান্তি চাই‘ বার্তা দেন তারা। এর আগে পূর্ব ইউরোপে রাশিয়ার সৃষ্ট সংকট তৈরির প্রতিবাদে ম্যানইউ দেশটির এয়ারলাইনস প্রতিষ্ঠান ’অ্যারোফ্লট’ এরসংগে চুক্তি বাতিল করেছে।

ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড গোল শূন্য সমতা করেছে। ক্রিস্টিয়ানো রোনালদো’র দল লিগে সেরা চারে শেষ করার লড়াইয়ে হারিয়েছে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট। তবে ফুটবলে ‘মানবতার জয়‘ হয়েছে। এর আগে সুইডেন ও পোল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বে রাশিয়ার বিপক্ষে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছে।