যুদ্ধের ময়দানে চলছে শুটিং!

আন্তর্জাতিক ডেস্ক।।
রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর গেল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। আতঙ্কে দিন কাটাচ্ছে ইউক্রেনের জনগণ।

রাশিয়ান আগ্রাসন থেকে দেশকে রক্ষায় পুরুষদের পাশাপাশি ইউক্রেনের বহু নারী অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন। তবে হঠাৎ করেই দেখা মিলল অস্কার জয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা শন পেন। সম্প্রতি ইউক্রেনের এক সরকারি সংবাদ সম্মেলনে তার দেখা মিলেছে।

এ প্রসঙ্গে ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউক্রেনে প্রবেশ করে রাশিয়া যা যা ধ্বংস করছে, সাধারণ মানুষের ওপর যে অত্যাচার করছে তা রেকর্ড করতে এই মুহূর্তে দেশটিতে শুটিংয়ে ব্যস্ত শন পেন। এসব ঘটনা নিয়ে তিনি একটি ডকু-ফ্লিম নির্মাণ করছেন। আমাদের দেশে ঠিক কী ঘটছে তা তিনি ধারণ করছেন। পরবর্তীতে বিশ্বের সবাই তা দেখতে পাবে।

হলিউডের একাধিক পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ লাগার আগেই ইউক্রেনে পৌঁছে যান। এরপর যখন সত্যি সত্যি যুদ্ধটা শুরু হয় তখনই তিনি শুটিংয়ের পরিকল্পনা করেন। মূলত সত্য ঘটনা অবলম্বন করতেই শন এই ঝুঁকি নিয়েছেন। পরে শনের ইচ্ছার কথা শুনে ইউক্রেন সরকারের পক্ষ থেকে টিমের সবাইকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, এর আগেও অনেকগুলো যুদ্ধবিরোধী তথ্যচিত্র নির্মাণ করেন শন। যা বিশ্বের অনেকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। তার ইউক্রেনের এই কাণ্ডে অনেকেই অবাক হয়েছেন।

সূত্র : ডেইলি মেইল, হলিউড রিপোর্টার