ঝালকাঠিতে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ৪ যুবক কারাগারে

অনলাইন ডেস্ক।।
ঝালকাঠিতে এক স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে শহরের বাস টার্মিনাল এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার চারজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন বাস শ্রমিক ও হোটেলের ম্যানেজারও রয়েছে।

পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর সঙ্গে নলছিটি উপজেলার মগড় গ্রামের আলফা গাড়িরচালক মুসতাকিম বিল্লাহ রনির (২২) প্রেমের সম্পর্ক ছিল। রোববার রাতে রনির বন্ধু বাস শ্রমিক বাকেরগঞ্জের রাব্বি সরদার (২০) ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তাকে বাসা থেকে ডেকে বাইরে বের করে। এরপর জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে যায় রাব্বি। সেখানে ছাত্রীকে ধর্ষণ করে রনি ও রাব্বি। পরে তাদের সহযোগী পিরোজপুরের কাউখালীর আমরাজুড়ি গ্রামের নাসির হাওলাদার (৩০) ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া (৪০) ধর্ষণ করে। সোমবার সকালে মেয়েটি বাসায় গিয়ে তার পরিবারের কাছে ঘটনা জানায়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা সোমবার রাতে ঝালকাঠি সদর থানায় তিনজনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা রেকর্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বি, নাসির, খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়াকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার মূল পরিকল্পনাকারী রনিকে গ্রেফতার করে। এছাড়া ভক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। আর এ দিন দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগীর মা বলেন, রাতে মেয়ের মোবাইল ফোনে কল আসলে সে বাইরে বের হয়। এরপর থেকে রাতে সে বাসায় ফেরেনি। আমরা আত্মীয়স্বজনদের বাড়িতেও খুঁজে তাকে পাইনি। সকালে সে বাসায় ফিরে ধর্ষণের কথা জানায়। এ ঘটনার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূলহোতাকেও গ্রেফতার করে। চারজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।