আমার ছেলের লাশটা তোরা আইন্না দে…

গোলাম কিবরিয়া, বরগুনা।।
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা। স্বজনদের দাবি, আরিফের লাশ ফিরিয়ে আনতে যেন সরকার পদক্ষেপ নেয় এমনটাই দাবি তাদের।

নিহতর বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, আমার ছেলে তো আর নেই। আমাদের বাঁচার অবলম্বন টুকুই চলে গেছেন। এখন প্রধানমন্ত্রী ও মমতাময়ী মা শেখ হাসিনার কাছে আমার ছেলের লাশটা ফেরত আনার ব্যবস্থা গ্রহণের আবেদন জানাই।

নিহত আরিফের মা আমেনা বেগম বলেন, আমার ছেলের লাশটা তোরা আইন্না দে। বার বার মূর্ছনা করছেন আর বলছেন আমার ছেলেরে আইন্না দে আমি তারে একটু দেখবো।

বুধবার বাড়িতে স্বজনদের সঙ্গে তার শেষ কথা হয়। জানিয়েছিলেন, আটকে থাকা জাহাজ ছাড়া পেলে শিগগিরই বাড়ি ফিরবেন। আরিফ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই বোনের মধ্যে সে ছিল মেজো।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন বলেন, ইতিমধ্যে আমরা সরকারের নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিনিধিদের সাথে কথা বলেছি,আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হাদিসুর রহমান আরিফের লাশ দেশে ফেরত আনতে পারবো। তার লাশ আনতে জেলা ও উপজেলা প্রসাশন কাজ করছেন।