যুদ্ধবিরতি ঘোষণার পরও চলছে গোলাবর্ষণ, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধবিরতি সত্ত্বেও মারিওপোলে রুশ সেনারা হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে ইউক্রেন। তারা বলছে, শহরের ওপর গোলাবর্ষণ এখনও চলছে। শনিবার (০৫ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মারিওপোলের ডেপুটি মেয়র সেরহাই অরলভ বলেছেন, ‘রুশরা আমাদের ওপর বোমা ফেলছে। এখনও তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে।’

তিনি আরও বলেন, ‘মারিওপোলে কোন যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোন যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়, কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।’

এর আগে, শনিবার সকালে ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিওপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৫ মার্চ মস্কো সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং মারিওপোল ও ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে।