শচীন-মিয়াদাঁদের রেকর্ডে ভাগ বসালেন মিথালি

স্পোর্টস ডেস্ক।।
রোববার (০৬ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে এবারের নারী বিশ্বকাপে শুভ সূচনা করল ভারত। যেখানে বিশ্বকাপে চারবারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতেই পাকিস্তান নারী দলকে হারিয়েছে ভারত। ভারতীয় দলের এমন রেকর্ডের সঙ্গে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন দলের অধিনায়ক মিথালি রাজ।

মাউন্ট ম্যাঙ্গানুইয়ে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রাখেন মিথালি। নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড করেন ভারতীয় অধিনায়ক।

প্রায় ২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২০০০, ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ ও ২০২২- এই ছয়টি বিশ্বকাপ খেললেন ভারতীয় নারী ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক।

মিথালির আগে এমন কৃতিত্ব আছে দুজন পুরুষ ক্রিকেটারের। তারা হলেন ভারতের শচিন টেন্ডুলকার ও পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ। যাদের প্রত্যেকের কেবিনেটে আছে একটি করে বিশ্বকাপ শিরোপা।

মাস্টার ব্লাস্টার শচিন বিশ্বকাপের মঞ্চে প্রথম পা রাখেন ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় পঞ্চম বিশ্বকাপ দিয়ে। এরপর ১৯৯৬ থেকে ২০১১- টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। ৪৫ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে ৫৬.৯৫ গড়ে ২২৭৮ রান করেছেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান।

অন্যদিকে ‘বড়ে মিয়া’ খ্যাত মিঁয়াদাদ খেলেছেন ১৯৭৫ থেকে ১৯৯৬- ক্রিকেট বিশ্বকাপের প্রথম ছয় আসর। যেখানে ৩৩ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৪৩.৩২ গড়ে কিংবদন্তি পাকিস্তানি ব্যাটারের সংগ্রহ ১০৮৩ রান।

রোববারের ম্যাচের ৯ রানসহ বিশ্বকাপে সবমিলিয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৫২.১৮ গড়ে মিথালির সংগ্রহ ১১৪৮ রান। নারী বিশ্বকাপে এখন পর্যন্ত ২টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি করেছেন ভারতীয় অধিনায়ক।