রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক কয়েক হাজার

আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে রবিবার ৪ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মী এবং কর্তৃপক্ষ। এর মধ্যে ১ হাজার ৭০০ ব্যক্তিকে আটক করা হয়েছে শুধু মস্কো থেকে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে রিয়া নিউজ এজেন্সি।

ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা বলছে, মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।

সাম্প্রতিতে রাশিয়াতে বিক্ষোভের উপর নানারকম বিধি-নিষেধ আরোপ করা সত্ত্বেও ইউক্রেনে হামলার প্রতিবাদে বহু বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হামলা শুরুর পর থেকে এগারো দিনে দশ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে।

ওভিডি-ইনফো’র একজন মুখপাত্র জর্জিয়া থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, কিন্তু আমরা ব্যাপক প্রতিবাদ দেখতে পাচ্ছি – এমনকি সাইবেরিয়ার শহরগুলোতেও যেখানে এতো বেশি সংখ্যক মানুষকে আটকের ঘটনা খুবই বিরল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, “যদিও রাশিয়ান আইনে অনুমতিপত্র বা নিষেধাজ্ঞা শব্দগুলোর ব্যবহার এড়িয়ে যাওয়া হয়েছে… কিন্তু বাস্তবে যেকোনো ধরনের সমাবেশের জন্য অনুমোদন নিতে হয়।”

২০১১ সালের প্রতিষ্ঠিত ওভিডি-ইনফোর তথ্য অনুযায়ী রাশিয়ার জুড়ে রবিবার ২ হাজার ৫০০ এর বেশি লোক আটক করা হয়েছে। সংগঠনটি গ্রেফতার ব্যক্তিদের নাম এবং কোথায় তাদের গ্রেফতার করা হয়েছে এসব তথ্য প্রকাশ করেছে।

সংগঠনটি বলছে, “যতজন সম্পর্কে পুলিশ তথ্য দিয়েছে, সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে। আমরা যাদের সম্পর্কে নিশ্চিতভাবে জানি এবং যাদের নাম প্রকাশ করতে পারছি, শুধু তাদের আমরা তথ্য প্রকাশ করছি।”

রাশিয়া ছাড়াও আরও অনেক দেশে প্রতিবাদ হয়েছে। রাশিয়ার মিত্র দেশ হিসেবে পরিচিত কাজাখস্তানে হাজার দুয়েক মানুষ একটি শান্তি সমাবেশে অংশ নিয়েছে। বেলারুশ, বেলজিয়াম এবং লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।