উজিরপুরে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণ

অনলাইন ডেস্ক।।
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে সরকারি রাস্তা দখল করে একের পর এক পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে বৃহস্পতিবার (১০ মার্চ) দেখা গেছে, শিকারপুর থেকে ভুরঘাটা পুরাতন সড়কের শিকারপুর বন্দরস্থ রাস্তা দখল করে ঐ এলাকার সুমন মৃধা পাকা ভবন নির্মাণ করেছেন। এবার সরকারি রাস্তা কেটে পাকা আরেকটি স্থাপনা নির্মাণ করছেন তিনি।

স্থানীয়রা অভিযোগ করেন, সুমন মৃধা তার সরকারি জায়গায় পাকা ভবন তৈরি করেছেন। এবার ভবনের পেছনে জায়গা থাকলেও সামনের সরকারি রাস্তা কেটে পাকা স্থাপনা নির্মাণ করছেন।

এ ব্যাপারে সুমন মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের জমি খালি পড়ে থাকায় সেখানে পাকা ট্যাংকি নির্মাণ করছি। তবে যদি কোনদিন সরকারের ঐ জমি প্রয়োজন হয় তাহলে স্থাপনা ভেঙে দেবো।

সড়ক ও জনপদের অতিরিক্ত প্রকৌশলী শেখ সরফুদ্দিন জামাল জানান, তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অবৈধ দখলকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজীন জানান, জনগণের চলাচলের সরকারি রাস্তা কেউ অন্যায়ভাবে দখল করে স্থাপনা নির্মাণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।