বরিশালে পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রধান শিক্ষকরা

রূপালী ডেস্ক।।
মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসন, শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন প্রধান শিক্ষকরা।

শুক্রবার (১১ মার্চ) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ বরিশাল শাখা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

এর আগে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল। এছাড়া সভাপতিত্ব করেন বরিশাল জেলার সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস। এসময় সংগঠনের বিভিন্ন জেলা এবং উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বক্তারা সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মত বেসকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ৬ষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদানের দাবি জানান।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদান, বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের ঐচ্ছিক বদলি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদানের মাধ্যমে বৈষম্য নিরসনের জোর দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ।