স্বামীর উষ্ণ আলিঙ্গন, যুদ্ধ শুরুর বর্ণনা দিলেন ইউক্রেনের তরুণী

আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের তরুণী ওলহা শ্যাভিরিপা। কাজ করেন ইন্টেলিয়াস নামের একটি সফটওয়ার ফার্মে। তিনিও রাশিয়ার হামলার কারণে গৃহহীন হয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র আশ্রয় নিয়েছেন, এক অনিশ্চিত জীবনের সম্মুখীন।

সম্প্রতি বিবিসির সঙ্গে তার কথা হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথমবার হামলা শুরু করে রুশ বাহিনী। সেদিনের বর্ণনা দিয়েছেন তিনি এবং জানিয়েছেন কীভাবে পালিয়ে গেছেন।

ওইদিন ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে ওঠেন শ্যাভিরিপা। এর পরই তার স্বামী তাকে জড়িয়ে ধরে। এই তরুণীর ভাষায়, ‘স্বামীর কাছ থেকে পাওয়া আমার জীবনের সবচেয়ে উষ্ণ আলিঙ্গন।’ তিনি বলেন, ‘সে (স্বামী) বললো, দয়া করে ঘুম থেকে ওঠো, এটা (যুদ্ধ) শুরু হয়ে গেছে।’

এর দুই ঘণ্টা পর, একটি ছোট ভ্যানে করে স্বামী, বন্ধু এবং চার অপরিচিত লোকের সঙ্গে কিয়েভ ছেড়ে পশ্চিম ইউক্রেনের রিভনের উদ্দেশে যাত্রা করেন শ্যাভিরিপা। দীর্ঘ ১৮ ঘণ্টার জার্নি শেষে সেখানে এক আত্মীয়ের বাড়িতে পৌঁছায় তারা।

ওলহা শ্যাভিরিপা বলেন, ‘আমরা কাগজপত্র, ল্যাপটপ ও চার্জার সহ গুরুত্বপূর্ণ জিনিসগুলো সঙ্গে নিয়ে নেই। আমার স্বামী আমার ব্যাগ বই দিয়ে পূর্ণ করে দেয়। সে বলে, এগুলো হয়তো ভারি,কিন্তু এটা তোমাকে রক্ষা করবে।’