গোলাপি বলে লঙ্কান স্পিনে নাকাল ভারত

স্পোর্টস ডেস্ক।।
মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। একমাত্র ইনিংসে ৫৭৪ রানের পাহাড় দাঁড় করিয়েছিল ভারত। শ্রীলঙ্কা সেই ম্যাচ হারে ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচের শুরুতেই ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে রাখলো লঙ্কানরা।

ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে গোলাপি বলের টেস্টে লঙ্কান স্পিন বিষে নীল হয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করতে ২৫২ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস। যা কি না প্রথম ম্যাচের একমাত্র ইনিংসের অর্ধেকেরও কম।

দিবারাত্রির ম্যাচটিতে নিজেদের প্রথম ইনিংসে শুরু থেকেই তেমন সুবিধা করতে পারেনি ভারত। দলীয় ২৯ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (৪) ও রোহিত শর্মা (১৫)। তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন হানুমা বিহারি ও বিরাট কোহলি।

কিন্তু এ দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ধনঞ্জয় ডি সিলভার প্রায় মাটি ঘেঁষে যাওয়া ডেলিভারিতে লেগ বিফোর আউট হয়েছেন ২৩ রান করা কোহলি। অন্যদিকে বাঁহাতি স্পিনার প্রবিন জয়াবিক্রমের বলে কট বিহাইন্ড হন ২৩ রানের ইনিংস খেলা বিহারি।

এরপর ভারত যে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে, তার পুরো কৃতিত্ব শ্রেয়াস আইয়ারের। দুর্দান্ত ছন্দে থাকা এ ব্যাটার আউট হয়েছেন সবার শেষে। লঙ্কান বোলারদের পাল্টা আক্রমণ করে ১০ চার ও ৪ ছয়ের মারে মাত্র ৯৮ বলে ৯২ রান করেছেন শ্রেয়াস।

দিবারাত্রির টেস্টে মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে নার্ভাস নাইন্টিতে আউট হয়েছেন শ্রেয়াস। তার এই ৯২ রানের ইনিংস দিবারাত্রির টেস্টে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। গোলাপি বলের টেস্টে ভারতের হয়ে একমাত্র সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।

শ্রেয়াসের আগে অবশ্য প্রতি আক্রমণ শুরু করেছিলেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত। তিনি মাত্র ২৬ বলে ৭ চারের মারে দেড়শ স্ট্রাইকরেটে খেলেছেন ৩৯ রানের ইনিংস। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন করেছেন ১৩ রান। আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।

শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার প্রবিন জয়াবিক্রম ও লাসিথ এম্বুলদেনিয়া। এছাড়া ডানহাতি অফস্পিনার ধনঞ্জয় ডি সিলভার শিকার করে ২টি উইকেট। অক্ষর প্যাটেলকে আউট করে একমাত্র পেসার হিসেবে উইকেটের ঘরে নাম তুলেছেন সুরঙ্গা লাকমল।