ভারত-পাকিস্তানকে নিয়ে চারদেশীয় টুর্নামেন্ট চান রমিজ

স্পোর্টস-ডেস্ক।।
সর্বশেষ ২০১২ সালে পাকিস্তান ভারতের মাটিতে একটি ওয়ানডে সিরিজ খেলেছিল। এরপর দশ বছরেও কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। এমনকি ২০০৫-০৬ মৌসুমের পর পাকিস্তানে যায়নি ভারত।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর রমিজ রাজা ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য চেষ্টা করেছিলেন। আলোচনা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহর সঙ্গে। তবে দুই দেশের মধ্যকার উত্তপ্ত সম্পর্কের কারণে সেটি সম্ভব নয় এই মুহূর্তে। আর তাই ভারত-পাকিস্তানকে নিয়ে চারদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন পিসিবির সভাপতি রমিজ রাজা।

করাচি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে চার জাতির এই টুর্নামেন্ট নিয়ে রমিজ বলেন, ‘আমি চার জাতির টুর্নামেন্টটা গিয়ে গাঙ্গুলির সঙ্গে কথা বলব। ক্রিকেটের ভবিষ্যৎ হলো এমন ত্রিদেশীয় কিংবা চার জাতির সিরিজগুলো। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ দ্বিপাক্ষীয় সিরিজ থেকে মানুষের চোখ সরিয়ে নিচ্ছে।’

আগামী শনিবার দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন এশিয়া কাপের তারিখ চূড়ান্ত করা হবে। সেই সভায় সৌরভ গাঙ্গুলির কাছে এই টুর্নামেন্ট নিয়ে প্রস্তাব রাখবেন জানিয়ে রমিজ আরও যোগ করেন, ‘দুবাইতে এসিসি মিটিংয়ে মিলিত হলে আমি সৌরভ গাঙ্গুলির সঙ্গে চার জাতির ওয়ানডে সিরিজ নিয়ে কথা বলব।’

আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশেষ কিছু। সমর্থকরা এখনও এই দুই দেশের মধ্যকার ম্যাচ দেখতে মুখিয়ে থাকে। ফলে তাদের সেই সুযোগ করে না দিয়ে তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে এমনটাই মনে করেন পিসিবি সভাপতি।

তিনি গণমাধ্যমে আরও বলেন, ‘আমার মনে হয় সমর্থকরা যে ভারত-পাকিস্তান সিরিজ চায়, সেটা না দিয়ে আমরা তাদের সঙ্গে অবিচার করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ দুই দল যখন মুখোমুখি হয়েছিল, এক দিনেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।’

চার জাতির এই টুর্নামেন্ট নিয়ে নিজের পরিকল্পনা জানিয় রমিজ যোগ করেন, ‘আমার মনে হয় আমরা এই টুর্নামেন্টের জন্য আলাদা একজন প্রধান নির্বাহী নিযুক্ত করতে পারি। প্রতি বছর ১৫ দিনের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে, একেক দেশ একেকবার আয়োজনের দায়িত্ব নেবে। সিরিজের লভ্যাংশ ওই চার বোর্ড ভাগাভাগি করে নেবে।    তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাচ্ছি না।’

রমিজ আশা করছেন দুই দেশের মধ্যকার উত্তপ্ত সম্পর্ক এই সিরিজের উপর কোন প্রভাব ফেলবে না। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেই এমন আশা রমিজের।

পিসিবি সভাপতি বলেন, ‘আমরা রাজনীতির চোখ দিয়ে ব্যাপারগুলো দেখি না, আর আমার মতোই আরেকজন ক্রিকেটার যেহেতু ওদের বোর্ডকে নেতৃত্ব দিচ্ছে, আমার মনে হয় এ নিয়ে কথা বলাই যায়, যেহেতু আমরা কেউই রাজনীতি বুঝি না।’

তবুও ভারত খেলতে অস্বীকৃতি জানালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হলেও আয়োজন করতে চান রমিজ। পিসিবি সভাপতি বলেন, ‘যদি ভারত আমাদের এ প্রস্তাবে একমত না হয়, তাহলে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করার চেষ্টা করব।’