রমজানকে টার্গেট করে দ্রব্যমুল্য বাড়ছে: ডাঃ ইরান

ভান্ডারিয়া প্রতিনিধি।।
দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতিতে কর্মহীন, গরীব, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেনী ক্রয়ক্ষমতা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকারের নিলিপ্ততার কারনে মাহে রমজানকে টার্গেট করে আরেক দফায় দ্রব্যমুল্য বাড়ছে। জনগনের প্রত্যক্ষ ভোটে বর্তমান সরকার নির্বাচিত না হওয়ায় তারা জনগনের কথা চিন্তা করে না। তারা লুটপাট, অর্থপাচার ও দুঃশাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার প্রতিযোগীতায় লিপ্ত।

রোববার (২০ মার্চ) বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া কলেজ মোর সড়কে এক অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশন ভান্ডারিয়া শাখার আয়োজিত এসএসসি ও আলিম পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইরান বলেন, সরকারের গাফেলতি, সেচ্ছাচারিতা ও দলীয় সিন্ডিকেটের কারনে দ্রব্যমুল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অসাধু সিন্ডিকেট চক্র আওয়ামী রাজনীতির সাথে যুক্ত থাকায় সরকার মুখে কুলুপ এটেঁ দিয়ে নীরব দর্শকের ভুমিকা পালন করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে ভান্ডারিয়া ছাত্রমিশনের আহবায়ক মো: সুজন বিশ্বাস এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন, বিএনপি নেতা রুহুল আমিন মুন্সী, লেবারপার্টির কেদ্রীয় সদস্য মোহাম্মদ রুম্মান শিকদার, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, পিরোজপুর জেলা লেবারপার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, লেবারপার্টির ভা-ারিয়ার আহবায়ক মো: ওবায়দুল হক প্রমূখ।