বরগুনায় সড়ক দুর্ঘটনায় পৌর মেয়র মহারাজ গুরুতর আহত

গোলাম কিবরিয়া, বরগুনা।।
পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ। সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের ইটবাড়িয়া মস্তুকটানা এলাকায় তিনি এই দুর্ঘটনার শিকার হন।

আহতাবস্থায় স্থানীয়রা মেয়রকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এক সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকারী গাড়ি উল্টে রাস্তার খাদে পড়ে যায়।

বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক নিহার রঞ্জন বৈদ জানান, প্রাথমিক চিকিৎসা শেষে মেয়রকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।