করোনার টিকা দিতে গিয়ে দোতলা থেকে পড়ে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে গিয়ে দোতলার রেলিং থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ওই উপজেলার হরিনগর বনশ্রী বিদ্যা নিকেতনে (মাধ্যমিক বিদ্যালয়) এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে আঞ্জুয়ারা খাতুন আঞ্জু (৩৫)। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, মানসিক ভারসাম্যহীন ওই প্রতিবন্ধী নারীকে তার মা তার হাত ধরে করোনার টিকা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের দোতলায় টিকা কেন্দ্রে নিয়ে যান। হঠাৎ মায়ের কাছ থেকে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে ছাদের ধারে চলে যান তিনি। এ সময় তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, কেন্দ্রে কারও গাফিলতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই তারক চন্দ্র বিশ্বাস জানান, চায়না খাতুন তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ন্ত্রণে না রাখতে পারায় এ দুর্ঘটনা হয়েছে।